
ভোলার লালমোহন উপজেলায় বজ্রাপাতে মো. ইয়ামিন (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী মো. ইয়ামিন ওই এলাকার ফয়েজ দালাল বাড়ির নিজাম উদ্দিনের ছেলে। এছাড়া লর্ডহার্ডিঞ্জ মডেল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে।
জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির পাশের মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল শিশু ইয়ামিন। এ সময় আকস্মিক বজ্রাপাতে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আকস্মিক বজ্রাপাতে শিশু ইয়ামিনের মৃত্যুতে সহপাঠী, আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর মধ্যে শোক বিরাজ করছে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে বজ্রপাতে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।