
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা পাঁচজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে সড়ক থেকে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।