
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
রোববার (২৪ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য ও বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, যৌথ উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত দিনগুলোতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করার ক্ষেত্রে হাইকমিশনার প্রণয় বর্মার ইতিবাচক অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তাঁর পরবর্তী কূটনৈতিক দায়িত্বের সফলতার জন্য শুভকামনা ব্যক্ত করেন।
বিদায়ী সাক্ষাৎকালে হাইকমিশনার প্রণয় বর্মা উভয় দেশের জনগণের পারস্পরিক কল্যাণ ও যৌথ অর্থনৈতিক উন্নয়নের ওপর জোর দেন। তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের বিদ্যমান বহুমুখী সম্পৃক্ততা ও অংশীদারিত্বকে ভবিষ্যতে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে নয়াদিল্লির ধারাবাহিক আগ্রহ ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় প্রধানমন্ত্রী ও হাইকমিশনার দুই দেশের নিজস্ব উন্নয়ন অগ্রাধিকারসমূহের আলোকে জ্বালানি, বাণিজ্য, কানেক্টিভিটি ও প্রযুক্তিসহ সহযোগিতার বিভিন্ন সম্ভাব্য নতুন ক্ষেত্র নিয়ে সংক্ষেপে আলোচনা করেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতার পরিবর্তনের পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিদায়ী হাইকমিশনারের এই আনুষ্ঠানিক সাক্ষাৎ দুই দেশের কূটনৈতিক ধারাবাহিকতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বহন করে।