বিরোধীদলের কনিষ্ঠ নেতাদের আচরণ নিয়ে প্রশ্ন তুলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘বিরোধীদলের ছোট বন্ধুরা আসলে মাদকাসক্ত কিনা, সন্দেহ হয়’। তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘অপরাজেয় বাংলাদেশ’।
আলাল বলেন, ‘মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য এবং বিএনপি সমালোচনাকে সবসময় ভালোভাবে গ্রহণ করতে চায়। কিন্তু একটি রাজনৈতিক দলের ছোট বন্ধুরা যেভাবে ক্রমাগত আক্রমণাত্মক আচরণ করে যাচ্ছে, তা কোনো সুস্থ ধারার রাজনীতি হতে পারে না।’
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিকভাবে সক্রিয় না থেকেও প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে অশ্রাব্য ভাষায় সমালোচনা করা হচ্ছে। এ প্রসঙ্গে আলাল বলেন, ‘যারা এই ধরনের নোংরা সমালোচনা করছে, তাদের মুখের ভাষা ও বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয়—এরা আসলে মাদকাসক্ত কিনা।’
আলাল তার বক্তব্যে মাদক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশে মাদক চোরাচালান ও বিস্তারের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে।
তার ভাষায়, ‘শক্তিশালী রাজনৈতিক শক্তির কারণেই দেশ থেকে মাদক নির্মূল করা যাচ্ছে না।’ একই সঙ্গে তিনি সমাজে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ বৃদ্ধির পেছনে মাদককে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।
সভায় নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।