
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে পৃথক দুটি স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বরের কাছাকাছি এলাকায় বিস্ফোরণ দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের একটি দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত দুজনের মধ্যে গুরুতর অবস্থায় থাকা একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন গণমাধ্যমকে বলেন, “দুই জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। দুজন আহত হয়েছে। একজন গুরুতর অবস্থায় আছে। গাড়িতে থাকা অবস্থায় মাথায় লেগেছে।”