
বাসে অর্ধেক ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে নীলাচল পরিবহণের এক বাসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহণটির ৭ থেকে ৮টি বাস আটকে রেখেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (২১ নভেম্বর) সকালে কলেজের সামনে বাসগুলো আটকে দেওয়া হয়। এ সময় ঢাকা কলেজের একদল শিক্ষার্থীও তাঁদের সঙ্গে যোগ দেন।
অভিযোগকারী শিক্ষার্থী ফাল্গুনী জাহান বৃষ্টি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর অভিযোগ, গত শুক্রবার (২০ নভেম্বর) সাভার যাওয়ার পথে নীলাচল পরিবহণের একটি বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাসটির এক কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।
বৃষ্টি জানান, বাসে ওঠার আগে ওই কর্মী তাঁর গন্তব্য জানতে চান। তিনি সাভার যাওয়ার কথা জানালে তাঁকে বাসে উঠতে বলা হয়। পরে বাসে শিক্ষার্থীদের পরিচয় জানতে চাইলে তিনি হাত তুলে নিজের পরিচয় দেন এবং পরিচয়পত্র দেখান। এরপর প্রতিদিনের মতো ৩০ টাকা ভাড়া দেন তিনি। কিন্তু বাসকর্মী তাঁর কাছে ৪৫ টাকা দাবি করেন।
বৃষ্টি বলেন, ‘আমি তাকে বলেছি, নিয়মিত ৩০ টাকা দিয়েই যাতায়াত করি। তখন তিনি আমার দিকে ১০ টাকা ছুড়ে দিয়ে গাবতলীতে নেমে যেতে বলেন। আমি জানতে চাই, সাভার যাওয়ার কথা বলার পর আমাকে বাসে উঠিয়ে মাঝপথে নামতে বলছেন কেন? তখন তিনি বলেন, তুই নামবি না কেন, তোর বাপসহ নামবি।’
তিনি আরও অভিযোগ করেন, ওই বাসকর্মী অন্য এক শিক্ষার্থীর সঙ্গেও খারাপ আচরণ করেন। এ সময় বাসের অন্য যাত্রীরা এর প্রতিবাদ জানান। পরে ওই কর্মী তাঁকে হুমকিসূচক কথা বলেন। তাঁর বক্তব্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করলেও তাঁরা ওই কর্মীর বিরুদ্ধে কিছু করতে পারেননি।
বৃষ্টি আরও বলেন, ‘আমি নিজে থেকে বাসে উঠিনি। বাসের কর্মীই আমার গন্তব্য জেনে আমাকে উঠিয়েছেন। অথচ ভাড়া নিয়ে আপত্তি করায় আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে।’