
ঢাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে আটক হয়েছেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে অংশ নিতে গেলে উপস্থিত কিছু লোক তাকে চিনে ফেলেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
শাহ আলমের ছেলে মো. সাগর জানান, তার বাবা অনুষ্ঠানে পৌঁছানোর পরই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাগর বলেন, ‘এ সময় উত্তেজনা তৈরি হলে লোকজন রমনা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বাবাকে থানায় নিয়ে যায়।’
ঘটনার বিষয়ে জানতে চাইলে রমনা থানার ডিউটি অফিসার এসআই মনির বলেন, ‘লোকজন ধরে তাকে পুলিশের কাছে দিয়েছে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে। তাকে থানাতেই রাখা হয়েছে।’
তবে শাহ আলমকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্ট এই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, শাহ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্বে ছিলেন।