
রাজধানীর ডেমরার আমুলিয়ায় একটি কালি উৎপাদনকারী কারখানায় আকস্মিক আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আমুলিয়া মডেল টাউন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার পরপরই তাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। বর্তমানে চারটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।