
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে বিচারহীনতার আশঙ্কা প্রকাশ করে ক্ষোভ ও আক্ষেপ জানিয়েছেন তার বাবা আবদুল হান্নান মোল্লা। তিনি বলেছেন, “আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই।”
বুধবার গণমাধ্যমকর্মীদের সামনে তিনি বলেন, “আমার মেয়েও আর ফিরে আসবে না। এটা বড়জোর ১৫ দিন চলবে, এরপর আবার অন্য কোনো ঘটনা ঘটবে। তখন এটাও ধামাচাপা পড়ে যাবে।”
গত মঙ্গলবার পল্লবীতে নির্মমভাবে হত্যা করা হয় শিশু রামিসা আক্তারকে। এ ঘটনায় প্রতিবেশী সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে রামিসাদের উল্টো দিকের ফ্ল্যাটে ভাড়া ওঠেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে তার মা অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে মেয়ের স্যান্ডেল দেখতে পান। দরজায় বারবার নক করলেও ভেতর থেকে দরজা খোলা হয়নি। ওই সময় ফ্ল্যাটের ভেতরেই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, মূল আসামি সোহেল রানাকে পালানোর সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না দীর্ঘ সময় দরজা বন্ধ রাখেন।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শিশুটি বিকৃত যৌনলালসার শিকার হয়েছিল। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে শিশুটির মাথা ও হাত কেটে ফেলা হয়।
তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।