
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ সদস্যদের (এমপি) প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বিএনপির এই নেতা সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় যানজট নিয়ন্ত্রণ এবং অতিথিদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনসংলগ্ন এলাকায় চলাচলকারী যানবাহনকে নির্দিষ্ট নির্দেশনা মেনে চলতে হবে। এ বিষয়ে বৃহস্পতিবার ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আমির খসরুর স্বাক্ষরে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তাঁদের যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই সাময়িকভাবে এ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহন এসব বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা বা বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং বা ডিআইটি রোড পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ করতে পারবে না।
শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানমুখী বাসগুলোকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অন্য সুবিধাজনক বিকল্প সড়কও ব্যবহার করতে পারবে এসব বাস। একই সময়ে দৈনিক বাংলা থেকে রাজউকের দিকে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।
হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনকে জিরো পয়েন্টে ইউটার্ন না করে বাম দিকে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বরের দিকে যেতে বলা হয়েছে।
এ ছাড়া বিকল্প পথে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-শাপলা চত্বর-ইত্তেফাক হয়েও এসব যানবাহন চলাচল করতে পারবে।
ডিএমপি জানিয়েছে, সাময়িক এই ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও আশপাশের এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। তাই চালকদের নির্ধারিত সড়ক এড়িয়ে সুবিধাজনক বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
এই নির্বাচনের মধ্য দিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনের দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর।