
বরিশালের বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া দশম শ্রেণির তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে কদমতলী থানার আওতাধীন শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
দুই দিন পর ঢাকায় সন্ধান
পুলিশ ও সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর দাড়িয়াল ইউনিয়নের নান্টু চকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) এবং দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪) স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি।
তিন ছাত্রী নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেন। কোথাও সন্ধান না পেয়ে পরে বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা।
নিখোঁজ তিন ছাত্রীর অবস্থান শনাক্ত হওয়ার পর বাকেরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই তিনজনকে উদ্ধার করা হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ওই তিন নিখোঁজ ছাত্রীকে ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার করে বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।