
জনগণের আস্থা আর স্বতঃস্ফূর্ত সহযোগিতাকেই নিজের নির্বাচনী শক্তি হিসেবে তুলে ধরেছেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের ১১ দলীয় জোট মনোনীত ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, নির্বাচনী কার্যক্রম চালাতে তার কখনো চাঁদাবাজির প্রয়োজন হয়নি, কারণ মানুষ বিশ্বাস থেকেই এগিয়ে আসছে।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে দেবিদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বড় আলমপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন শাপলা কলি প্রতীকের এই প্রার্থী।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মানুষ বলে; বাবারে, টাকা লাগলে টাকা দিমু। নির্বাচন করতে তো টাকা লাগে, কিন্তু তুমি দুর্নীতি করবা না। টাকা যত লাগে দিমু। আমি যেহেতু পয়সা ছাড়া নির্বাচন করতে পারতেছি। সুতরাং আপনাদের সেবা দেওয়ার সময় কি আমার পয়সা নেওয়ার দরকার আছে?’
তিনি জানান, সাধারণ মানুষের সহায়তায় তার নির্বাচনী তহবিল নিয়মিতই সমৃদ্ধ হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকের দিনেও মানুষ আমার নির্বাচনী তহবিলে ৯ লাখ টাকা দিয়েছে। প্রতিদিনই এভাবে মানুষ সহযোগিতা করছে।’
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই নেতা আরও বলেন, জনকল্যাণমূলক কাজে তিনি অটল থাকলে ভবিষ্যতেও মানুষের এই সমর্থন অব্যাহত থাকবে বলে তার দৃঢ় বিশ্বাস। তিনি উপস্থিতদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি। সন্তানের দায়িত্ব এবার আপনাদের হাতেই।’
এই উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহিদসহ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, জাতীয় নাগরিক পার্টি এবং ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।