
দেশজুড়ে তীব্র সমালোচনার পরে রাজশাহী-৪ আসনের গণভোটের ফলাফল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তথ্য অনুযায়ী, সদ্য অনুষ্ঠিত গণভোটে প্রায় ৬২.৪৭ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন এবং ২৯.৩২ শতাংশ ভোট ‘না’ দিকে গেছে। অধিকাংশ আসনে ‘হ্যাঁ’ বিজয়ী হলেও ১১টি আসনে ‘না’ বিজয়ী হয়েছে।
প্রথমে ইসি প্রকাশিত ফলাফলে রাজশাহী-৪ আসনে ভোটদানের হার ২৪৪.২৯ শতাংশ দেখানো হয়েছিল। কিন্তু এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯। প্রথম তথ্যে কাস্টিং ভোট ৭ লাখ ৮১ হাজার ৫২৩ দেখানো হয়েছিল, যেখানে ‘না’ ভোট ৬ লাখ ১২ হাজার ২২৯ এবং ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪৫ হাজার ৩৮২ বলে দেখানো হয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে সমালোচনার পর ইসি সংশোধিত ফলাফল প্রকাশ করে। নতুন তথ্য অনুযায়ী, রাজশাহী-৪ আসনে ভোটদানের হার ৭২.৫৯ শতাংশ। মোট ভোটার সংখ্যা অপরিবর্তিত থাকলেও বৈধ ভোট ২ লাখ ৩০ হাজার ৫২৩ এবং বাতিল ভোট ২৩ হাজার ৯১২। ‘না’ ও ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা যথাক্রমে ৬১ হাজার ২২৯ ও ১ লাখ ৪৫ হাজার ৩৮২।
উল্লেখ্য, এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. আব্দুল বারী সরদার।