
ভোলার চরফ্যাশন উপজেলায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দাবি করে দীর্ঘদিন দখল করা একটি দোকান অবশেষে উদ্ধার করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নর হস্তক্ষেপে। এই পদক্ষেপে স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জাহানপুর ইউনিয়নের তুলাতুলি বাজারে এ ঘটনা ঘটে। দোকানটি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী মাহে আলমের মালিকানাধীন।
সূত্র জানায়, কয়েক বছর ধরে ওই স্থানে ব্যবসা করে আসছিল মাহে আলম। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ব্যবসা দখল করে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী, যারা নিজেদের বিএনপি পরিচয় প্রদর্শন করত। দোকানটি দখল হওয়ার পর ব্যবসায়ী সম্প্রতি বিষয়টি ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে অবহিত করেন।
পরবর্তীতে নয়ন স্থানীয় যুবদলকে নির্দেশ দিলে তারা ঘটনাস্থলে গিয়ে দখলকৃত দোকানের তালা ভেঙে মালিককে দোকানটি ফেরত দেন।
চরফ্যাশন উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল জানান, “বিএনপির নাম ভাঙিয়ে দুষ্কৃতিকারীরা ওই দোকান দখল করেছিল। সংসদ সদস্যের নির্দেশে আমরা দোকানটি উদ্ধার করেছি। নির্বাচনের আগে নয়ন ভাই ঘোষণা করেছিলেন, তার এলাকায় কোনো জুলুমবাজ, চাঁদাবাজ বা দখলদারের স্থান থাকবে না। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
দখলমুক্ত দোকান ফিরে পেয়ে ব্যবসায়ী মাহে আলম ও তার ছেলে সাংবাদিকদের বলেন, “স্থানীয় রুবেল পাটোয়ারী ও হান্নান বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় তারা ২০-২৫ জন নিয়ে এসে দোকান দখল করেছিল। পরে বিষয়টি সংসদ সদস্যকে জানালে তিনি আমাদের দোকান ফেরত দিয়েছেন। এতে আমরা খুব খুশি।”
এই উদ্যোগের ফলে চরফ্যাশন এলাকায় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি ফিরে এসেছে।