
রমজানকে সামনে রেখে বাজার তদারকিতে নেমে মানিকগঞ্জে ভেজাল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। খেজুরের সঙ্গে সরিষার তেল মিশিয়ে বিক্রির প্রমাণ পাওয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। তদারকি কার্যক্রমে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযান চলাকালে কার্তিক চন্দ্র নামের এক ব্যবসায়ীর দোকানে খেজুরের সঙ্গে সরিষার তেল মিশিয়ে বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার আইনের আওতায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজারের বিভিন্ন দোকানেও তদারকি চালানো হয়। শাকসবজি, মাছ ও মাংসের দোকানে মূল্যতালিকা আছে কিনা এবং পণ্যের মান কেমন—সেগুলো খতিয়ে দেখেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, রমজান মাসে নিত্যপণ্য, ফলমূল, তরিতরকারি ও মাছ-মাংসের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।