
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল টেকনাফ থানাধীন জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বোটে থাকা এক মাদক পাচারকারীকে আটক করা হয়। অভিযানে জব্দ করা ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত কাঠের বোট এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”