
ঢাকার কমলাপুর রেলস্টেশনে ট্রেনের সঠিক সময়ে চলাচল এখনও অব্যাহত রয়েছে, যদিও উত্তরবঙ্গগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ কিছুটা বিলম্বিত হবে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঢাকায় এখন পর্যন্ত ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। পঞ্চগড় এক্সপ্রেস ছাড়া সব ট্রেনই সময়মতো ছাড়তে পারব। পঞ্চগড় এক্সপ্রেস ৫ থেকে ৬ ঘণ্টা বিলম্ব হবে।”
এর আগে বুধবার দুপুরে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন এবং এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ছিল।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, “নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। পরবর্তীতে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।”
তিনি আরও জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে অনেক যাত্রী ট্রেনের ছাদে থাকায় ছাদ থেকে পড়ে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের কাজ চলমান রয়েছে।