
চট্টগ্রাম নগরীর চন্দনপুরায় সাবেক সংসদ সদস্য ও স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মুজিবুর রহমানের বাসায় দুই দফা গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২৭ মার্চ) র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদে বৃহস্পতিবার রাতে হাটহাজারী উপজেলার মার্দাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি এমপির বাসায় গুলি ও চাঁদাবাজির ঘটনায় সরাসরি জড়িত। গ্রেপ্তার সৈয়দ মুজিবুল হক উপজেলার পূর্বপাড়ার বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেপ্তার মুজিবুল হক বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী। সাজ্জাদের হয়ে নগরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজিতে জড়িত তিনি। চন্দনপুরায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় গুলিবর্ষণের ঘটনায় মজিবুল হকও জড়িত।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, বাঁশখালীর সাবেক সংসদ সদস্যের বাসায় গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুজিবুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
মুজিবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে জয়ী হন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
সরকার পতনের পরও তিনি পরিবার নিয়ে নগরীর চন্দনপুরায় বসবাস করছিলেন। বিদেশে পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের দাবি করা ১০ কোটি টাকা না দেওয়ায় দুই দফা তার বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। এই ঘটনায় নগরীর চকবাজার থানায় একটি মামলাও হয়। সেই মামলায় গ্রেপ্তার করা হলো আসামি মুজিবুলকে।