
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়ায় জেলা প্রশাসন অভিযান চালিয়ে সুজন নামের এক ব্যক্তির বসতবাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় অবস্থিত মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনে অবস্থিত বাড়িতে জেলা প্রশাসনের একটি দল অভিযান চালায়। এ সময় বাড়ির শৌচাগারের ভেতরে তিনটি ড্রামে মজুদ রাখা ১৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়।
এ সময় জব্দকৃত ডিজেল ৯৬ টাকা ৩৯ পয়সা দরে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করা হয় এবং অবৈধ মজুদের অভিযোগে সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।