
খাগড়াছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের এক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পার্বত্য এলাকা। প্রতিবাদে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতা-কর্মীরা, ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টার দিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই সংগঠনের কর্মী-সমর্থকরা সড়কের বিভিন্ন স্থানে গাছ ও কাঠ ফেলে আগুন জ্বালিয়ে পিকেটিং শুরু করেন।
ঘটনাটি ঘটে খাগড়াছড়ি-রাঙ্গামাটি প্রধান সড়কের পাশে কুদুকছড়ি বাজার এলাকায়। বাজারের কাছেই কুদুকছড়ি উপরপাড়া গ্রামে নিজ বাসায় গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মশিং চাকমা (ধর্মমনি) সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।
এ সময় হামলাকারীদের ছোড়া গুলিতে তার দুই বোন ভাগ্যসোনা চাকমা ও কৃপাসোনা চাকমাও আহত হন।
এই হত্যার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-কে দায়ী করেছে সংগঠনটি, যা আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার নেতৃত্বাধীন।
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে গণতান্ত্রিক যুব ফোরাম ও তাদের সহযোগী সংগঠনগুলো কুদুকছড়ি এলাকা এবং ‘১৭ মাইল’ এলাকায় সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ পালন করছে।
অবরোধের কারণে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
খাগড়াছড়ির মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মির্জা জহির জানিয়েছেন, কুদুকছড়ির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সড়ক অবরোধের ফলে মহালছড়ি-রাঙ্গামাটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে পরিস্থিতি অন্য এলাকায় ছড়িয়ে না পড়ে।