
নিরিবিলি সন্ধ্যায় হঠাৎ আগুন—মুহূর্তেই ভস্মীভূত হয়ে গেল খাগড়াছড়ির রামগড় উপজেলার একটি বেসরকারি মাধ্যমিক স্কুল। আগুনের তাণ্ডবে টিনশেডের পুরো ভবনসহ সবকিছু পুড়ে গেছে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক পৌনে ৮টার দিকে উপজেলার ‘কলাবাড়ী উচ্চ বিদ্যালয়’-এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্কুলের টিনশেড ঘর, আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কাদের জানান, সন্ধ্যা পৌনে ৮টার দিকে ভবনের পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পুরো স্কুলঘর আগুনে পুড়ে যায়। ঘটনার সময় সেখানে কেউ উপস্থিত ছিলেন না।
তিনি আরও বলেন, রবিবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। কিন্তু আগুনে ক্লাসরুম, শিক্ষক কক্ষ, অফিস কক্ষ, কম্পিউটার, আইপিএসসহ কোনো কিছুই অবশিষ্ট নেই।
প্রধান শিক্ষক জানান, ২০২২ সালে খাগড়াছড়ির তৎকালীন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইফতেখার উদ্দিন আরাফাতের উদ্যোগে পাতাছড়া ইউনিয়নের দুর্গম কালাবাড়ী এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বর্তমান রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাদের আসার আগেই আগুনে পুরো স্কুলটি পুড়ে যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে।
রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বিশ্বান্তর বিকাশ বড়ুয়া জানান, খবর পাওয়ার পর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।