
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের বরশিতে কুমির উঠে আসার ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জেলেদের ভাষ্য, নিয়মিত মাছ ধরার সময় তাদের ‘হাজাইরা’ বরশিতে হঠাৎ করেই কুমিরটি আটকে যায়। পরে সেটিকে নদী থেকে তুলে এনে সদর ইউনিয়নের কাজি বাড়ির ঘাটে নিয়ে যাওয়া হয়। খবর ছড়িয়ে পড়লে নদীর তীরে ভিড় জমায় উৎসুক মানুষ।
কুমিরটি ধরতে অংশ নেওয়া জেলে স্বপন ব্যাপারী, রাজীব ব্যাপারী, রবিউল ব্যাপারী ও বিল্লাল খান জানান, প্রতিদিনের মতো তারা নদীতে বরশি ফেলেছিলেন। একপর্যায়ে কুমিরটি আটকে গেলে সেটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং প্রশাসনকে বিষয়টি জানান।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, “কুমিরটির বিষয়ে আমরা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।”
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ফজলে করিম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। খুলনা থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলেও তিনি জানান।