
প্রবাসে মর্মান্তিক ঘটনা— জমি সংক্রান্ত বিরোধের জেরে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন, যা নাড়িয়ে দিয়েছে পরিবার ও স্বজনদের।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে লেইজ শহরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে তার ছোট ভাই নয়ন ফকির-কে আঘাত করে হত্যা করেন। ঘটনার পর তিনি ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে মরদেহ দেখান এবং হত্যার বিষয়টি স্বীকার করেন।
নিহত ও অভিযুক্ত দুজনই মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের পশ্চিম সোনারং গ্রামের বাসিন্দা। তারা মো. দেলোয়ার শেখের ছেলে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু জানান, ঘটনাটি ইতালিতে সংঘটিত হয়েছে এবং প্রবাসী নিহতের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।