
ভোলার লালমোহন উপজেলায় চরের ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে ভূমিহীনদের পক্ষ থেকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া পশ্চিম বাজারে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সময় ভূমিহীনদের পক্ষে সংবাদ সম্মেলেনে বক্তব্য রাখেন আব্দুল কাদের নামে এক ভুক্তভোগী।
তিনি বলেন, পশ্চিম চরউমেদ ইউনিয়মের চরকচুয়াখালীর পাশে ভুতুম চর অবস্থিত। গত বছর ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশে তার ছেলে শাহরুখ হাফিজ ডিকো ওই চরের খাস জমি সাড়ে চারশত ভূমিহীনদের দখল বুঝিয়ে দেন। এরপর ভূমিহীনরা ওইসব জমিতে চাষাবাদ শুরু করেন। তবে
সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী এলাকার বাসিন্দা মহসীন হাওলাদার, কাশেম, জাফর হাজী, মোশারফ হাওলাদার, মিজান পিটারের নেতৃত্বে অন্তত অর্ধশত সন্ত্রাসী ভুতুম চরে গিয়ে ভূমিহীনদের দখলে থাকা ওইসব জমি দখলের চেষ্টা চালায়।
এ সময় চরে গিয়ে দাঙ্গা-হাঙ্গামা চালায় সন্ত্রাসীরা। খবর পেয়ে ভুক্তভোগী ভূমিহীনরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে মহসীন ও কাশেমের নেতৃত্বে থাকা সন্ত্রাসীরা চর থেকে ফিরে আসতে বাধ্য হয়। আমরা ওইসব সন্ত্রাসীদের বিচার চাই।
সংবাদ সম্মেলন শেষে গাজারিয়া বাজারে ভুতুম চরের প্রায় শতাধিক ভূমিহীন বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন আব্দুল কাদের, আব্দুস সহিদ, মহিউদ্দিন, আবুল কালাম, সফিজল হক, আকবর, রফিক, সেলিম, ভুট্টো, জামাল মাঝি, শাহে আলম মাঝি, আব্দুল মালেকসহ আরো অনেকে। বিক্ষোভ মিছিলে চর দখল করতে যাওয়া সন্ত্রাসীদের বিচার চেয়ে শ্লোগান দেন তারা।
অভিযোগের ব্যাপারে মহসীন হাওলাদার জানান, যারা সংবাদ সম্মেলন করেছে তারা জোর করে জমি দখল করে আছে। আমাদের যাদের কাগজপত্র রয়েছে তারা চরে গিয়েছি জমি দেখতে, দখল করতে নয়। কিন্তু আমরা চরে যাওয়ার সঙ্গে সঙ্গে জোর করে দখলকারীরা আমাদেরকে কুপিয়ে আহত করেছেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো.অলিউল ইসলাম বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।