
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ ইন কার্যক্রমে সহায়তার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৬ জুন) রাতে রোকনপুর সীমান্ত দিয়ে স্থানীয় এক মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা চালায় বিএসএফ। এ সময় বিজিবির টহল দল তা প্রতিহত করে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘বিভিন্ন সময়ে বিএসএফের পুশ ইন কার্যক্রমে সহায়তার অভিযোগে সাত বাংলাদেশিকে বিজিবি পুলিশের কাছে সোপর্দ করেছে। সোমবার রাতেই তাদের থানায় হস্তান্তর করা হয়।’
এর আগে গত ১৩ জুন একই সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করা হয়। তবে বিজিবির বাধার মুখে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।