
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের উত্তর ভাতগ্রাম এলাকার একটি কাঁচা রাস্তায় গর্ত ও কাদার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন পথচারীরা। স্থানীয়দের সেই ভোগান্তি লাঘবে নিজ অর্থায়নে রাস্তাটি মেরামত করে আলোচনায় এসেছেন মাসুদ রানা।
সম্প্রতি নিজ উদ্যোগে তিনি রাস্তাটি মেরামত করেন। শুধু অর্থায়নই নয়, স্থানীয়দের সঙ্গে নিয়ে নিজেও সংস্কারকাজে অংশ নেন। মাটি ও অন্যান্য উপকরণ ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলা হয়।
মাসুদ রানা ভাতগ্রামের মৃত ওসমান ডিলারের ছেলে এবং সাদুল্লাপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এলাকাবাসী জানান, উত্তর ভাতগ্রামের কাঁচা রাস্তাটিতে শুকনো মৌসুমে খানাখন্দের সৃষ্টি হয়। বর্ষাকালে জলাবদ্ধতার কারণে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে। এতে ছোট যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি হয়। প্রয়োজনের তাগিদে ঝুঁকি নিয়েই চলাচল করতে হতো স্থানীয়দের। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধিদের অবহিত করা হলেও দীর্ঘদিন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ভোলা মিয়া ও অটোভ্যান চালক চান্দু মিয়া বলেন, মাসুদ রানা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। উত্তর ভাতগ্রামের রাস্তাটি মেরামত করায় স্থানীয়দের মধ্যে তার এ উদ্যোগ প্রশংসিত হচ্ছে।
এদিকে রাস্তাটি মেরামত হওয়ায় স্থানীয়দের দৈনন্দিন চলাচলে স্বস্তি ফিরেছে। বিশেষ করে ছোট যানবাহনের চালক ও পথচারীরা আগের তুলনায় নির্বিঘ্নে চলাচল করতে পারছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
মাসুদ রানা বলেন, ‘অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আগামী ইউপি নির্বাচনে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। প্রতিনিধি নয়, সেবক হিসেবে এলাকার মানুষের পাশে থাকতে চাই।’