
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৃথক অভিযানে হত্যা ও একাধিক মামলার আসামিসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ জুন) রাতে উপজেলার তবলছড়ি ও বেলছড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন তবলছড়ির দেওয়ানপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ নুরুল আমিন (৫৪)। তিনি তবলছড়ি ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
অপর এজাহারনামীয় আসামি বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা এলাকার মহরম আলীর ছেলে মো. মহিন উদ্দিন (৩৮)। তিনি বেলছড়ি ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন। তাঁর নামে থানায় হত্যা-সহ একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ শাহেদ উদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।