
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক নারীর বাড়ি থেকে স্থানীয় একটি মসজিদের ইমামকে আটকের অভিযোগকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি শনিবার গভীর রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় ঘটে।
স্থানীয়দের অভিযোগ, শনিবার (২৭ জুন) গভীর রাতে দেড়াগাঁতী মধ্যপাড়া (টাঙ্গাইলপাড়া) জামে মসজিদের ইমাম মো. সেলিমকে এক নারীর বাড়িতে দেখতে পান এলাকাবাসী। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে গিয়ে তাকে আটক করেন।
স্থানীয় সূত্র জানায়, মো. সেলিম প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মসজিদের কয়েকজন মুসল্লিও এ ঘটনায় বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন।
স্থানীয়দের দাবি, ওই নারীর স্বামী মারা যাওয়ার পর থেকেই তার সঙ্গে ইমাম সেলিমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগের বিষয়ে ইমাম মো. সেলিম বলেন, ‘গত প্রায় দেড় মাস ধরে আমাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। শনিবার রাতে আমি তার বাড়িতে যাই। তখন স্থানীয় লোকজন এসে আমাকে আটক করেন।’
অন্যদিকে সংশ্লিষ্ট নারী বলেন, ‘আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই।’
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত নই। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।