
শেরপুরের নালিতাবাড়ীতে বাদাম খেতে গিয়ে গলায় বাদাম আটকে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে শহরের বেপারীপাড়া হিরন্ময়ী মাঠ সংলগ্ন মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মানহা মনি (৩) সিলেটের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। তার নানা মোস্তফা আহমেদ নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজারের ব্যাপারীপাড়ার বাসিন্দা এবং উপজেলার তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মানহা মনি তার নানার সঙ্গে বিদ্যালয়ে যায়। দুপুরে তাকে বাদাম খেতে দেওয়া হলে একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। এতে সে হঠাৎ শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালীতে বাদাম আটকে যাওয়ায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে।