
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়েছেন তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্স। ধারালো অস্ত্রের আঘাতে আহত চারজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং পুলিশের সোর্স মাসুম মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এসআই সুরুজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
অভিযানের একপর্যায়ে সাগর ও তার ভাই সজল ধারালো অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় তাদের হামলায় চারজন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিলেও গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগের বিষয়েও তদন্ত চলছে।