
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগে সিজান (২৫) নামে এক যুবককে বাসা থেকে ধরে নিয়ে গণপিটুনী দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার রাত ১১ টায় ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সিজান পশ্চিম মাসদাইর এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে।
ইন্নু মিয়া অভিযোগ করেন, এলাকার মসজিদের ইমাম কাউছার সম্প্রতি এলাকায় একটি সামাজিক সংগঠন করেছে। এ সংগঠনে অন্তত ৩০/৪০ জন সদস্য রয়েছে। কাউছার তার সংগঠনের লোকজনকে রাত ৮ টায় আমার ছেলে সিজানকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর৷ মাসদাইর মোড়ে বিদ্যুতের খুটির সাথে বেধে বেধরক মারধর করে। মারধরে অচেতন হয়ে পড়লে তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তবে স্থানীয়দের দাবী, সিজান এলাকার কিশোর গ্যাং নেতা এবং চিহ্নিত ছিনতাইকারী। তার বিশাল গ্যাং দিয়ে এলাকায় প্রায়ই ত্রাস তৈরী করে। এলাকার কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পেতে মসজিদের মুসুল্লিরা আল ফালাহ নামে একটি সংগঠন তৈরী করে। সিজানকে ডেকে নিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার আগেই এলাকাবাসী পিটিয়ে তাকে হত্যা করে।
মসজিদের ইমাম কাউসার বলেন, সিজানের নামে ছিনতাইসহ অনেক অভিযোগ আছে। তাকে বাসা থেকে আনা হয়েছিলো পুলিশের হাতে সোপর্দ করার জন্য। কিন্তু তার আগেই স্থানীয় লোকজন সিজানকে গনপিটুনী দেয়। যারা মারধর করেছে তারা সামাজিক সংগঠনের কেউ না। এখানে নিয়মিত ছিনতাই কিশোর গ্যাং এর অত্যাচারের ফলেই এই সাধারণ মানুষ এই ঘটনা ঘটিয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের দাগ রয়েছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করা হবে।