বাগেরহাটের চিতলমারীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পাঠদানের সময় শ্রেণিকক্ষে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মোবাইল নির্ভরতা কমানো এবং পাঠদানে মনোযোগ বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, শিক্ষার্থীদের মোবাইল ফোনের প্রতি আসক্তি কমিয়ে পড়াশোনায় মনোযোগী করা এবং সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে উপজেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি পাঠদান চলাকালে শিক্ষকদের শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার না করার নির্দেশনাও কার্যকর করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
সভায় একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, শৈলাদাহ বাকপুর কারামতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস লালাম এবং চিতলমারী আলিম মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।