.jpg)
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মসিউর (মাহিন) রহমান (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার পান বাজার এলাকার তাহের মাস্টারের বাড়ির একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আত্মহত্যার অভিযোগ উঠলেও স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহত মসিউর রহমান মাটিরাঙ্গা উপজেলার হাতিয়াপাড়া এলাকার জহির মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী মালেকা (১৮) জানান, তারা দুজনই মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন দুপুরে মসিউর তার কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে মসিউর তাদের ব্যক্তিগত ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি বাসা থেকে বের হয়ে যান।
পরে বিকেলে বাসায় ফিরে জানালার সঙ্গে মসিউরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে স্থানীয়দের দাবি, ঘটনাটি রহস্যজনক। তারা মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।