
গত আড়াই মাসে দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৩৩ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। একই সময়ে বিভিন্ন মামলার পরোয়ানা তামিল ও অন্যান্য অভিযানে আরও ৮৩ হাজার ৮১৭ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত বিশেষ অভিযানে মোট ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলার পরোয়ানা কার্যকর এবং অন্যান্য অভিযানে আরও ৮৩ হাজার ৮১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় অভিযান চালিয়ে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গানপাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৭৬টি পিস্তল, ৩০টি শুটারগান, ৩৩টি এলজি, ১৮টি রিভলভার, ৫০টি বন্দুক, ১৫টি পাইপগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং ১টি পেনগান।
মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
পুলিশ সদরদপ্তর জানায়, মাদক উদ্ধারসংক্রান্ত ঘটনায় এ সময়ে ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ২০ হাজার ৪৩৯ জন।