
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮ পিস ইয়াবাসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) এনসিপি গাইবান্ধা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দফতর) রাশেদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক পত্রে সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মিয়া ওরফে শাকিল খানকে দলের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে মাদকবিরোধী অভিযান চালায় কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে জোবেদা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পাশের একটি স্থানে অভিযান চালিয়ে শাকিল খানকে আটক করা হয়। এ সময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা জানান, শাকিল খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে সুন্দরগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক আল শাহাদাত জামান জিকো বলেন, শাকিল খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে দলের সহ-সাংগঠনিক সম্পাদক পদসহ সব দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, “ব্যক্তির দায় কখনো দল নেবে না।”