
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কৃষামত ফুলবাড়ী এলাকায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লোকালয়ের পাশে সাপটি দেখা গেলে এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সকালে লোকজন হঠাৎ লোকালয়ের পাশে অজগরটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয়রা সতর্কতার সঙ্গে সাপটিকে নিয়ন্ত্রণে আনেন এবং বন বিভাগকে খবর দেন।
অজগরটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। অনেকেই সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, এ এলাকায় এর আগে এত বড় অজগর সাপ কখনো দেখা যায়নি। সাপটি লম্বা হবে প্রায় ১০-১২ ফুট। ঘটনাটির পর শিশু ও নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বন বিভাগ জানায়, অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের সাপ দেখা গেলে বা উদ্ধার হলে সেটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত, যাতে নিরাপদে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা যায়।
জেলা বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, "বন্যার পানিতে এসব অজগর সাপ ভারত থেকে বাংলাদেশে আসে। পানি কমে যাওয়ায় হয়তো অজগরটি সেখানে আশ্রয় নিয়েছে। খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করেছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে এটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।"