
শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে নওগাঁয় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় শহরের মুক্তির মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচী।
এসময় জুলাই শহীদদের স্মরণে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জুলাই যোদ্ধা পরিবার সহ জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও দুপুর ১২ টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারেদ সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. মো. তারিকুল ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।