
একাধিক মামলায় গ্রেপ্তার হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান (মনির খান)।
বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুর আগে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মনির খানের হাতে হাতকড়া পরানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি ভাইরাল হওয়ার পর আইসিইউতে চিকিৎসাধীন এক বন্দীকে হাতকড়া পরিয়ে রাখার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।
মনির খানের পরিবারের সদস্যদের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হওয়ার পর তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় আদালত জামিন মঞ্জুর করেন। তবে শারীরিক অবস্থার গুরুতর অবনতির কারণে তিনি আর সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেননি।
মিজানুর রহমান খান পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া গ্রামের মৃত আব্দুল খালেক খানের ছেলে। রাজনৈতিক জীবনে তিনি পটুয়াখালী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।