
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগমুহূর্তে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটির ইঞ্জিন সচল থাকলেও ইঞ্জিনের পরের চারটি বগি লাইন থেকে ছিটকে যায়।
ময়মনসিংহ রেলস্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, দুর্ঘটনার পরপরই ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। পাশাপাশি লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করতে একটি রিলিফ ট্রেন প্রস্তুত রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গফরগাঁও স্টেশনের কাছাকাছি পৌঁছানোর সময় ট্রেনটিতে হঠাৎ বিকট শব্দ হয়। এর কিছুক্ষণ পরই ইঞ্জিনের পেছনে থাকা চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কী কারণে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হলো, তা জানতে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।