
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ১২ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কালী সাধন দত্ত (৭০) নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম।
শুক্রবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সময় আদালতে ভুক্তভোগী শিশুর জবানবন্দিও গ্রহণ করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে ভুক্তভোগী শিশুটি এক বন্ধুর বাড়িতে খেলতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে রাস্তায় একটি কুকুর দেখে ভয় পেয়ে সে অভিযুক্ত কালী সাধন দত্তের বাড়িতে আশ্রয় নেয়। অভিযোগ রয়েছে, ওই সময় কালী সাধন দত্ত শিশুটিকে ঘরের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
পরে শিশুটির চিৎকার শুনে রাস্তা দিয়ে যাওয়া দুই কিশোর সেখানে ছুটে যায়। তারা শিশুটিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে ফিরে শিশুটি তার দাদির কাছে পুরো ঘটনার বর্ণনা দেয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন কালী সাধন দত্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। শুক্রবার সকালে ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, দুপুরে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে বিকেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।