
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় ‘শাহ ফতেহ আলী পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল শাহ ফতেহ আলী পরিবহনের বাসটি। নলকা ওভারপাসের নিচ দিয়ে যাওয়ার সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার মুহূর্তে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালকসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত ১০ যাত্রী।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।
সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান জানান, নিহত দুইজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ও নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে।