
পটুয়ালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরে খাসজমিতে মহিষ চরাতে প্রতিটি মহিষের জন্য ২০০ টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা মাঈনউদ্দিনের (২৭) বিরুদ্ধে। স্থানীয় মহিষ পালনকারীরা দাবি করেছেন, টাকা না দিলে ওই এলাকায় মহিষ চরাতে নানা ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে তাঁদের।
স্থানীয় মহিষ পালনকারীদের অভিযোগ, ১ নম্বর ওয়ার্ডের লালচর এলাকার খাসজমিতে মহিষ চরানোর জন্য মাঈনউদ্দিন মহিষপ্রতি ২০০ টাকা করে দাবি করছেন। নির্ধারিত টাকা পরিশোধ না করলে সেখানে মহিষ চরাতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তাঁদের।
মহিষ পালনকারী রেজাউল খা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে লালচরের খাসজমিতে মহিষ চরিয়ে আসছেন। তবে সম্প্রতি মাঈনউদ্দিন প্রতিটি মহিষের বিপরীতে ২০০ টাকা করে দাবি করেন। টাকা না দিলে ওই এলাকায় মহিষ চরাতে দেওয়া হবে না বলে জানানো হয়। পরে বাধ্য হয়ে স্থানীয় মহিষ পালনকারীরা টাকা পরিশোধ করেন।
রেজাউল খার দাবি, এভাবে মোট ৪৭৮টি মহিষের বিপরীতে টাকা নেওয়া হয়েছে।
আরেক মহিষ পালনকারী ইদ্রিস দালাল বলেন, চরাঞ্চলের খাসজমিতে জন্মানো ঘাসের ওপর নির্ভর করেই স্থানীয় অনেক পরিবার দীর্ঘদিন ধরে মহিষ পালন করে আসছে। মহিষ চরানোর জন্য বাড়তি টাকা দিতে হলে তাঁদের খরচ আরও বেড়ে যায়। এতে মহিষ পালন করে আগের মতো লাভ করা কঠিন হয়ে পড়ছে বলে জানান তিনি।