
বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন। বুধবার বিকেল ৪টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত হনুফা বেগম বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলমের স্ত্রী।
গত ৩ আগস্ট দুধলমৌ গ্রামের শাহ আলমের বাড়িতে বোমা বিস্ফোরণে হনুফা বেগম, তাঁর মেয়ে ইতি এবং পঞ্চম শ্রেণির পড়ুয়া নাতি ফাহিম দগ্ধ হন। ঘটনার দিনই তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে নয় দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার হনুফা বেগমের মৃত্যু হয়।
পরিবারের বরাতে বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন। তবে তাঁর মেয়ে ও নাতি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।
জেলা প্রশাসক বলেন, তাঁদের চিকিৎসার খরচ জেলা ও বিভাগীয় প্রশাসন বহন করবে। পাশাপাশি মৃত হনুফা বেগমকে বরিশালে ফিরিয়ে আনার সব খরচও প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে।
বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ বলেন, হনুফা বেগমের মৃত্যুর খবরে তাঁরা মর্মাহত। শেবাচিম হাসপাতালে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। আহতদের চিকিৎসার খরচও প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে।