
সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) রাতে শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত মেডিকেল কলেজের হোস্টেলে এ সংঘর্ষ হয়। ঘটনার পর থেকে পুরো হোস্টেলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের ভাষ্য, হোস্টেলে তাফসির ও শরীফ উদ্দিনের মধ্যে সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। তাদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ বিরোধ ছিল। পরে বিষয়টি দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়লে তারা পৃথক দলে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় লোহার রড, স্টাম্পসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমি।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।