
ঝিনাইদহের কালীগঞ্জে চোরাই মোটরসাইকেল রাখার অভিযোগে জামায়াতে ইসলামীর এক মেম্বার পদপ্রার্থীর বাবা মান্নান বিশ্বাসকে (৭০) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটক মান্নান বিশ্বাস কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা। তার ছেলে সাইদুর রহমান ডাবলু ওই এলাকায় জামায়াতে ইসলামীর মেম্বার পদপ্রার্থী।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় মান্নান বিশ্বাসকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জেনেশুনে চোরাই মালামাল নিজের কাছে রাখার অভিযোগে মান্নান বিশ্বাসের বিরুদ্ধে দণ্ডবিধির ৪১৩ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।