
নোয়াখালীর বেগমগঞ্জে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মুখোশধারীদের গুলিতে শিবির কর্মীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—বারইচতল গ্রামের হোসেন মাস্টার বাড়ির মো. তহিদুল ইসলাম খোকনের ছেলে সাকিবুল হাসান (১৭), আলাউদ্দিন হাজী বাড়ির কফিল শিপনের ছেলে মো. নাদিম (১৭) এবং মো. হোসেনের ছেলে মো. সাহের।
এর আগে গত সোমবার বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে গুলির ঘটনায় আরও অন্তত চারজন গুলিবিদ্ধ হন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নাদিম, সাকিব ও সাহের মোটরসাইকেলে করে বাংলা বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। বারইচতল এলাকায় পৌঁছালে সিএনজিচালিত একটি অটোরিকশায় থাকা কয়েকজন মুখোশধারী তাদের মোটরসাইকেল থামানোর চেষ্টা করে।
মোটরসাইকেলটির গতিরোধ করতে ব্যর্থ হয়ে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঘটনার পর বাংলা বাজার এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা রাজীব আহমেদ চৌধুরী জানান, রাত ১টার পর বেগমগঞ্জ থেকে গুলিবিদ্ধ দুই কিশোরকে হাসপাতালে আনা হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে দুজনের অবস্থা স্থিতিশীল।
বেগমগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের কার্যনির্বাহী সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা দরকার। প্রশাসন যেন নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান বলেন, দুজনের শরীরে গুলি সামান্য লেগেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।