
সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের ঠাকুর হাওলদার এবং কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের অটোরিকশাচালক আশিক আহমেদ।
সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, ঠাকুর হাওলদার তার ছেলে বিষ্ণ হাওলদারকে সঙ্গে নিয়ে ভদ্রঘাট বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শহরের দিকে যাচ্ছিলেন। পথে বহুতি বটতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ওসি বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আশিক আহমেদ ও যাত্রী ঠাকুর হাওলদার মারা যান।
পরে স্থানীয়রা আহত বিষ্ণ হাওলদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ বাড়িতে নিয়ে যান।