
বিএনপির নেতা-কর্মীদের সতর্ক করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, মানুষ ভালোবেসে বিএনপিকে ভোট দিয়েছে। তাই একজন মানুষও যেন কোনোভাবে হয়রানির শিকার না হন। বিএনপি দুষ্টের দমন ও শিষ্টের পালনের নীতিতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
‘মানুষ আপনাদের ভালোবেসে ভোট দিয়েছে’
মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা ডাকবাংলো চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আহমেদ আযম খান।
বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষ আপনাদের ভালোবেসে ভোট দিয়েছে, একজন মানুষও যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়। আমার দল বিএনপি দুষ্টের দমন ও শিষ্টের পালনে কাজ করছে।’
জিয়াউর রহমানের শাসনামল ছিল ‘স্বর্ণযুগ’
আহমেদ আযম খান বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই দেশের মানুষ স্বস্তিতে জীবনযাপন করেছে এবং গণতান্ত্রিক সমাজে বসবাসের সুযোগ পেয়েছে। একই সময়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার আগে দেশে দুর্ভিক্ষ চলছিল। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা আমরা ভুলি নাই, তখন মানুষ-কুকুর একসঙ্গে খাবার খেত।’
তার ভাষ্য, সেই দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি সমৃদ্ধ দেশে পরিণত করেছিলেন। তাঁর তিন বছরের শাসনকালকে ‘স্বর্ণযুগ’ হিসেবে অভিহিত করা হতো বলেও উল্লেখ করেন তিনি।
আলোচনা সভায় যারা ছিলেন
সখীপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মুহাম্মদ সবুর রেজা, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।