
রংপুরের সাম্প্রতিক চার হত্যাকাণ্ডকে জেলার ইতিহাসের বড় হত্যাকাণ্ডগুলোর একটি হিসেবে উল্লেখ করে দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় আনার আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চার হত্যাকাণ্ডের ঘটনাটি রংপুরের ইতিহাসে বড় হত্যাকাণ্ডের ঘটনা। বর্তমানে এর রহস্য উন্মোচন আলোচনায় রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষী, হত্যাকাণ্ডের পেছনে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরি। সেজন্য প্রশাসন একটু সময় নিয়ে তদন্ত করছে। আমরা আশা করছি, অল্প কিছুদিনে তদন্তে মাধ্যমে চার্জশিট দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ শেষ করতে পারবে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি তিনবার হাসপাতালে এসেছেন এবং নিয়মিত সভা করছেন। আগের সভাগুলোর সিদ্ধান্ত কতটা বাস্তবায়িত হয়েছে, কোনগুলো হয়নি এবং কেন হয়নি—এসব বিষয় পর্যালোচনা করা হবে।
তিনি জানান, অ্যানেসথেসিওলজিস্টের সংকটে হাসপাতালে নতুন আইসিইউ বেড চালু করা সম্ভব হয়নি। এরই মধ্যে প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়েছে। ফলে আগামী এক মাসের মধ্যে নতুন আইসিইউ বেড চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বাস্থ্য খাতের পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, গত ১৭ বছর স্বাস্থ্যখাতসহ প্রতিটি খাত অনিয়ম-দুর্নীতির কারণে ধ্বংসের শেষপ্রান্তে উপনীত হয়েছে। প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য খাতকে। স্বাস্থ্যখাতে সারাদেশে জনবল সংকট রয়েছে। অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ পেলে হাসপাতালের বিভিন্ন বিভাগের চাহিদা পূরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যরা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, পৃথক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের জন্য ছয়তলা একটি ভবন নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে ১০ কোটি টাকা। ভবনের প্রথম তলায় জেনারেটরের সাবস্টেশন, দ্বিতীয় তলায় মেনিফোন্ড রুম ও ইলেকট্রিক কন্ট্রোল রুম এবং তৃতীয় তলায় স্টোর রুম থাকবে। চতুর্থ থেকে ষষ্ঠ তলা পর্যন্ত আনসার ব্যারাক হিসেবে ব্যবহার করা হবে।
এর আগে হাসপাতাল ক্যাম্পাসে যাওয়ার আগে রংপুর নগরীর গুপ্তপাড়ায় নবনির্মিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।