
বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতের সময় সিরাজগঞ্জে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গ্যাসের রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাড়ির গেইটে এ ঘটনা ঘটে।
দুপুর সোয়া ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বজ্রপাতের সময় হঠাৎ আগুনের শিখা
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির পাশাপাশি বেশ কয়েক দফা বজ্রপাত হচ্ছিল। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের সামনের অংশে হঠাৎ আগুনের শিখা দেখা যায়।
আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে যান।
তিনি বলেন, ‘বেলা ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রী মহোদয়ের বাড়িতে আগুন ধরার আমরা খবর পেয়েছি। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।’
গ্যাস রাইজারে বজ্রপাত থেকেই আগুন
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, বাড়ির গেইটম্যান তাদের জানিয়েছেন, গ্যাস রাইজারে বজ্রপাতের পরই আগুনের সূত্রপাত হয়।
তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।